শিলিগুড়ি, ২৫ আগস্ট
মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ। আর সেই অভিযোগেই গভীর রাতে গ্রেফতার শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা দেবাশীষ দে। সোমবার রাত প্রায় ২টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি পোস্ট করেছিলেন দেবাশীষ দে। সেই পোস্টকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্তের পর সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে দেবাশীষ দেকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্যও রাখেন তিনি।
দেবাশীষ দে-র দাবি, রাজ্যে আইনের শাসন চলছে না। তাঁকে তৃণমূল কংগ্রেস করার কারণেই গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, “ভয় নয়, আউট ভয় ইন”—এমনই মন্তব্য করতে শোনা যায় তাঁকে।
তবে পুলিশের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় করা পোস্টের অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
একদিকে সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে গ্রেফতার, অন্যদিকে তৃণমূল নেতার পাল্টা রাজনৈতিক অভিযোগ—এই ঘটনায় শিলিগুড়ির রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

