কোচবিহার, ১ জুন
রাজ্যে সরকার পরিবর্তনের পর ঘোষিত নতুন প্রকল্পগুলির মধ্যে অন্যতম অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। বর্তমানে রাজ্যজুড়ে শুরু হয়েছে আবেদনপত্র বা ফর্ম বিতরণ। সোমবার সকাল থেকেই কোচবিহার-১ নম্বর ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সংগ্রহ করতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
১২ পাতার দীর্ঘ আবেদনপত্র হাতে পেয়ে অনেক আবেদনকারীর মধ্যেই নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তবে আগ্রহের কমতি নেই। বহু মানুষ ফর্ম সংগ্রহ করে আবেদন প্রক্রিয়া শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র সোমবারই ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েত থেকে ৩০০-রও বেশি আবেদনপত্র বিতরণ করা হয়েছে।
ফর্ম হাতে পাওয়ার পর অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। কীভাবে ফর্ম পূরণ করতে হবে, কোন কোন নথি সংযুক্ত করতে হবে, কোথায় জমা দিতে হবে— এসব বিষয় নিয়ে আবেদনকারীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। অনেকের অভিযোগ, বাইরে সাইবার ক্যাফে বা বিভিন্ন পরিষেবা কেন্দ্রে ফর্ম পূরণ করতে গেলে ১০০ টাকা বা তারও বেশি খরচ করতে হচ্ছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার্থে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র পূরণের নিয়ম, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন জমা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছেন ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের আধিকারিক হরেস চন্দ্র রায় এবং লাভলি গুপ্তা। তাঁরা আবেদনকারীদের সহজ ভাষায় ফর্ম পূরণের পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং জমা দেওয়ার নিয়ম সম্পর্কে অবহিত করেছেন।
প্রকল্পটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ও উৎসাহ দেখে প্রশাসনও আশাবাদী। আগামী দিনে আরও বেশি মানুষ যাতে সহজে আবেদন করতে পারেন, সেই লক্ষ্যে তথ্যপ্রচার ও সহায়তা শিবিরের ওপর জোর দেওয়া হচ্ছে।

