জলপাইগুড়ি , ১৩ জুলাই
অবৈধ মদ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে এবার আরও কড়া পদক্ষেপ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ। রাজ্যজুড়ে নেশার কারবারিদের বিরুদ্ধে টানা সাতদিন বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ কার্যকর করতে রবিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধ মদের ভাটিগুলিতে ব্যাপক অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একাধিক অবৈধ চোলাই মদের ভাটি চিহ্নিত করা হয়। এরপর সেখান থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি মদ তৈরির জন্য ব্যবহৃত ভাটি, ড্রাম, কাঁচামাল ও অন্যান্য সরঞ্জামও ভেঙে ফেলা হয়, যাতে পুনরায় সেখানে মদ তৈরির কাজ শুরু করা না যায়।
পুলিশের দাবি, জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মদ ও মাদকের কারবার রুখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এই ধরনের বেআইনি ব্যবসার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
জলপাইগুড়ি জেলা পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, অবৈধ মদ ও মাদকের কারবার বন্ধ করতে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত চালানো প্রয়োজন।

