আলিপুরদুয়ার, ২৩ মে :
হলং নদীর ওপর জলের তোড়ে ক্ষতিগ্ৰস্থ কাঠের সেতুর একাংশ মেরামতির কাজ চলছে দ্রুত গতিতে। জলদাপাড়া টুরিস্ট লজে আটকে পড়া পর্যটকরা কোনরকমে পার হচ্ছেন সেতু।
শুক্রবার সন্ধ্যার পর থেকে ভারি বৃষ্টিপাতের কারণে মাদারিহাট ও জলদাপাড়া টুরিস্ট লজ সংযোগকারী এই সেতুর ওপর দিয়ে বইতে থাকে হলং নদীর জল। এক সময় ভেঙে পড়ে সেতুর এক অংশ। বৃষ্টি একটু কমায় জল কিছুটা নেমেছে হলং নদীর। তারপর থেকেই পায়ে হেঁটে টুরিস্ট লজ থেকে বেরিয়ে আসছেন কর্মী থেকে শুরু করে পর্যটকরা। মাদারিহাট থেকে জলদাপাড়া টুরিস্ট লজ যাওয়ার জন্য হলং নদীতে অস্থায়ী কাঠের সেতু রয়েছে। এই বিষয়ে উল্লেখ্য গত বছর বন্যায় হলং নদীর কাঠের সেতু ভেঙ্গে যায়। পরবর্তীতে হলং নদীতে অস্থায়ী কাঠের সেতু তৈরি করা হয়। শুক্রবার সন্ধ্যা থেকে এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে আর এর জেরে ফুলেফেঁপে উঠছে হলং নদী। হলং নদীর ওপারে রয়েছে জলদাপাড়া টুরিস্ট লজ, জলদাপাড়া বনদফতর কার্যালয় এছাড়া বনকর্মীদের আবাসন রয়েছে। তবে বৃষ্টি কমায় হলং নদীর রূপ বর্তমানে শান্ত। ভেঙে যাওয়া সেতুর একাংশের মেরামতির কাজ চলছে জোরকদমে।”

