শিলিগুড়ি, ১৬ মে :
শিলিগুড়ি টিকিয়াপাড়ায় ড্রাগস বিরোধী অভিযানে অংশ নেওয়ার জেরে আক্রান্ত হলেন দুই বিজেপি কর্মী। শুক্রবার শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকায় বিজেপির ৫ নম্বর মণ্ডলের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযোগ, অভিযান শেষে বাড়ি ফেরার পথে দিলীপ গুপ্তা ও বিনোদ সাউ নামে দুই বিজেপি কর্মীকে একা পেয়ে বেধড়ক মারধর করে এলাকার মাদক ব্যবসায়ীরা।
মারধরের ঘটনায় গুরুতর জখম হন ওই দুই কর্মী। পরে তাদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা।
শনিবার সকালে শিলিগুড়ি ফিরেই হাসপাতালে আহত কর্মীদের দেখতে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।

