মাথাভাঙ্গা, ৭ এপ্রিল :
মঙ্গলবার শীতলকুচি ব্লকের গোসাইরহাট অঞ্চলের অন্তর্গত গড়খোলা মোড় সহ একাধিক বুথ এলাকায় বিজেপির দলীয় ফ্ল্যাগ ও ফেস্টুন খোলা নিয়ে উত্তেজনা ছড়াল। অভিযোগ, গতকাল বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় দলীয় ফ্ল্যাগ ও ফেস্টুন লাগিয়েছিলেন। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সেগুলি খুলে ফেলে দেয় এবং কিছু ফেস্টুন চুরি করে নিয়ে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে গড়খোলা মোড় এলাকায় বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
এ বিষয়ে শীতলকুচি বিধানসভার বিজেপির ৫ নম্বর মণ্ডলের সভাপতি পবিত্র র অভিযোগ তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। “তৃণমূল এতদিন বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, এখন আমাদের দলীয় পতাকাও ছিঁড়ে ফেলছে।” তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।
তবে এ বিষয়ে গোসাইরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র বর্মন বলেন তৃণমূল এ ধরনের নোংরা রাজনীতি করে না। গোসাইরহাটে বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হয়, হয়তো বিজেপি খবরের সামনে আসার জন্য নিজেরাই নিজেদের পতাকা লুকিয়ে রেখে এমন নাটক করছে।
যদিও ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

