শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারী :
শ্রমকোড বাতিল, শিলিগুড়ির উন্নয়নে পুর নিগমের ব্যর্থতা এবং ভারত–আমেরিকা চুক্তি বাতিল-সহ একাধিক ইস্যুতে সরব হল সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি। শুক্রবার শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্র ও রাজ্য।উভয় সরকারের বিরুদ্ধেই তীব্র সমালোচনার সুর শোনা যায় দলের নেতৃত্বের বক্তব্যে।
জেলা নেতৃত্বের অভিযোগ, কেন্দ্র সরকার প্রণীত নতুন শ্রমকোড শ্রমিক স্বার্থবিরোধী। তাদের দাবি, এই কোড কার্যকর হলে শ্রমিকদের চাকরির নিরাপত্তা, ন্যূনতম মজুরি, কাজের সময়সীমা ও ট্রেড ইউনিয়নের অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে শ্রমকোড প্রত্যাহারের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
একইসঙ্গে শিলিগুড়ি পুর নিগমের কাজকর্ম নিয়েও ক্ষোভ উগরে দেন সিপিআই(এম) নেতৃত্ব। তাদের বক্তব্য, শহরে নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, রাস্তা সংস্কার ও বর্জ্য ব্যবস্থাপনায় একাধিক ত্রুটি রয়ে গেছে। নাগরিক পরিষেবার মানোন্নয়নে পুর কর্তৃপক্ষ ব্যর্থ বলেই অভিযোগ। উন্নয়নের নামে একাধিক প্রকল্পের ঘোষণার পরও বাস্তবে তার সুফল সাধারণ মানুষ পাচ্ছেন না বলেও দাবি করা হয়।
সাংবাদিক বৈঠকে উপস্থিত নেতৃত্ব জানান, এই সব দাবিকে সামনে রেখে আগামী দিনে গণআন্দোলন, পথসভা ও প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হবে। শ্রমিক, কৃষক ও সাধারণ নাগরিকদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাকও দেওয়া হয় বৈঠক থেকে।

