শিলিগুড়ি, ২ ফেব্রুয়ারী :
জয় শ্রীরাম স্লোগানকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ডাবগ্রাম–ফুলবাড়ী এলাকা। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একটি মিছিল চলাকালীন দুই যুবকের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় আহত হন ওই দুই যুবক। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই প্রথমে বচসা শুরু হয়, পরে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয়। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার প্রতিবাদে আজ রাস্তায় নামছে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দিতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে তারা পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়িয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।ঘটনা নিয়ে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

