জলপাইগুড়ি, ২৯ মে:
আর বাজবে না সারিন্দার সেই বিখ্যাত হরবোলা সুর। সারিন্দা বাজবে না কোনো পশু পাখির ডাক। হরবোলা সুরের জাদুকর তথা পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায় নিজ বাস ভবনেই শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আবারও উত্তরের নক্ষত্র পতন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১০৪ বছর। তার এই প্রয়াণে শোকাহত শিল্পী মহল। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামেই এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস খানেক ধরেই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায়। তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে তৈরি হয় মেডিকেল বোর্ড। কিন্তু চিকিৎসক জানিয়েছেন তার গলায় টিউমার জাতীয় কিছু হয়েছিল। যার ফলে কিছুটা সুস্থ হতেই বাড়ি ফিরিয়ে আনা হয় তাকে। বাড়িতেই চলছিল তার চিকিৎসা। কিন্তু গত এক সপ্তাহ থেকে একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন পদ্মশ্রী। অবশেষে শুক্রবার রাত আনুমানিক দেড় টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে বাড়িতে রেখে গেলেন তার স্ত্রী, তিন ছেলে, ছেলে বৌ, নাতি নাতনি। তার এই প্রয়াণে একদিকে যেমন শোকাহত তার পরিবার, তেমনি শোকাহত উত্তরের শিল্পী মহল।

