জলপাইগুড়ি ,২০ আগস্ট
মহাদেব রায় খুনের ঘটনায় অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের।
জলপাইগুড়ির সেনপাড়ার দশম শ্রেণির ছাত্র মহাদেব রায় খুনের ঘটনায় মূল অভিযুক্ত রোহিত হোসেন-সহ চার অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় অভিযুক্তদের প্রথমে সেই দোকানে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে খুনে ব্যবহৃত চাকু কেনা হয়েছিল। এরপর কোথায় বসে খুনের পরিকল্পনা করা হয়েছিল, সেই জায়গাটিও পুলিশকে দেখায় অভিযুক্তরা।
পরে রোহিত হোসেন পুলিশকে সঙ্গে নিয়ে চারজনকে পাহাড়পুর মোড়ে নিয়ে যায়। সেখানে কোন দোকান থেকে কত টাকা দিয়ে এবং কোন সংস্থার মদ কেনা হয়েছিল, সে বিষয়েও পুলিশকে বিস্তারিত জানায় রোহিত। এরপর অভিযুক্তদের নিয়ে যাওয়া হয় তিস্তা নদী সংলগ্ন রেল ব্রিজের কাছে, যেখানে মহাদেবকে খুন করা হয়েছিল।
পুলিশের সামনে রোহিত ঘটনার পুনর্নির্মাণ করে দেখায়, কীভাবে মহাদেবের উপর হামলা করা হয়েছিল। তার দাবি, প্রথমবার ব্যর্থ হওয়ার পর ফের চাকু দিয়ে মহাদেবের গলায় আঘাত করা হয়। এক সহযোগী মহাদেবের মাথা ধরে রাখে বলে পুলিশকে জানায় রোহিত। খুনের পর তিস্তা নদীর পাড়ে হাত-পা ধুয়ে সেখান থেকে চলে যাওয়ার কথাও জানায় সে।
রোহিত জানায়, আগে থেকেই পরিকল্পনা ছিল গল্প করার সময় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বললেই মহাদেবের উপর হামলা করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ীই ঘটনা ঘটানো হয় বলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।

