তুফানগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি :
বাতাসে বসন্তের ছোঁয়া। গাছের ডালে বসে থাকা কোকিলের সুরেলা ডাক ভেসে আসছে কানে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই রাজ্য তথা দেশ জুড়ে পালিত হবে রঙের উৎসব।লাল, নীল, সবুজ, হলুদ আরও নানান রং নিয়ে উৎসবে মাতবেন আট থেকে আশি । তবে এই দোল উৎসবে বাজার চলতি আবির ঘিরে মানুষজন সতর্ক । কেন না বর্তমানে অধিক মুনাফা লাভের আশায় ভুরি ভুরি কেমিক্যালের ব্যবহার হচ্ছে ওইসব আবিরে । যার ফলে ক্ষতি হচ্ছে ত্বক ও শরীরে । সে কথা মাথায় রেখে কোচবিহারের নাটাবাড়ির কয়েকজন মহিলা নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ড. বাসবকান্তি দিন্দার পরামর্শে শুরু করেন ভেষজ আবীর তৈরির কাজ। এক মাস ধরে চলছে ভেষজ আবির তৈরির কাজ । এই আবির তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে গোলাপ, গাঁদা ফুলের পাপড়ি, বিট, 2 ধরনের গাজর, পালং শাক । যার দ্বারা বিভিন্ন ধরনের রং এবং গন্ধ যুক্ত আবির তৈরি হচ্ছে । বর্তমানে আবির খেলার পর বিভিন্ন সময়ে ত্বকের সমস্যা দেখা দিচ্ছে মানুষদের । সেকারণে এই ভেষজ আবির তৈরির চিন্তা ভাবনা নেওয়া হয় ৷ এবছর ৫০ কেজি ভেষজ আবীরের অর্ডার পেয়েছেন মহিলারা। তাই নাওয়া খাওয়া ভুলে এখন আবির তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন শুধু গ্রামের মহিলারা নয় ছোট ছোট বাচ্চারাও মায়েদের ভেষজ আবীর তৈরির কাজে হাত লাগাচ্ছেন।

