আলিপুরদুয়ার ৩ জুলাই
মাদারিহাট-বীরপাড়া ব্লকের অন্তর্গত সিংহানিয়া চা বাগানে সাংসদ তহবিলের অর্থে নতুন পেভার্স ব্লক সড়ক নির্মাণ কাজের সূচনা হলো। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা।
জানা গিয়েছে, সাংসদ তহবিল থেকে প্রায় ৫৩ লক্ষ টাকা ব্যয়ে ৬৫০ মিটার দীর্ঘ পেভার্স ব্লক সড়ক নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি উঠছিল। বিশেষ করে চা বাগান এলাকার অভ্যন্তরীণ রাস্তার বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।
এদিনের অনুষ্ঠানে সাংসদ মনোজ টিগ্গা আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা করেন। তিনি জানান, এলাকার পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। উন্নত সড়ক ব্যবস্থা গড়ে উঠলে চা বাগান এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে।
এই প্রকল্পের মাধ্যমে চা বাগান এলাকার পরিকাঠামো উন্নয়নে নতুন দিশা মিলবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

