আলিপুরদুয়ার , ৭ জুলাই
অসমের রঙ্গিয়া থেকে উত্তরপ্রদেশের লখনউতে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর কনস্টেবলের। সোমবার গভীর রাতে ৩১ নম্বর জাতীয় সড়কের পুঠিমারি সেন্ট্রাল ব্যাংকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শামুকতলা রোড পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গিয়েছে, মৃত এসএসবি কনস্টেবলের নাম প্রদীপ কুমার। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের লখনউতে। তিনি অসমের রঙ্গিয়া থেকে লখনউয়ের উদ্দেশে রওনা হয়েছিলেন। সোমবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার পুঠিমারি এলাকায় পৌঁছালে যে গাড়িতে তিনি যাত্রা করছিলেন, সেটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে গাড়িটি জাতীয় সড়ক থেকে নিচে নেমে যায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট চারজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রদীপ কুমারের মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে শামুকতলা রোড পুলিশ ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে কী কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

