শিলিগুড়ি, ২২ জুন:
রবিবার ভোরবেলায় শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। মৃতদের নাম কৃষ্ণ হালদার (২৪) ও মিন্টু শীল (২০)। তাঁরা ফুলবাড়ি অঞ্চলের কাশীরামজোতের বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনও সকালে একটি স্কুটিতে চেপে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন কৃষ্ণ ও মিন্টু। তাঁরা একটি চানাচুর কারখানায় কাজ করতেন। পথে যাওয়ার সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের স্কুটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় দু’জনই রাস্তার উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পরেই ট্রাকচালক গাড়ি ফেলে এলাকা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ ট্রাকটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এই আকস্মিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কাশীরামজোত এলাকায়। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ পলাতক ট্রাকচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

