আলিপুরদুয়ার, ২৯ মে:
প্রভাব খাটিয়ে এক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন কালচিনি ব্লকের সাতালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য ভোলা শেখ। অভিযুক্তকে গ্রেফতার করেছে হাসিমারা ফাঁড়ির পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ, দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে হাসিমারা এলাকার বাসিন্দা মনোজ শা নামে এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন প্রভাব ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা আদায় করা হয়। সেই সময় এলাকায় শাসকদলের প্রভাব খাটিয়ে ভোলা শেখ ওই টাকা নেন। পরবর্তীতে মনোজ শা নিজের টাকা ফেরত চাইতে গেলে তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ভয়ে মুখ না খুললেও রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সাহস সঞ্চয় করে অবশেষে ন্যায্য বিচারের আশায় গত পরশুদিন হাসিমারা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন মনোজ শা। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলা শেখকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়। আদালতে তোলার আগে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালায় পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এমন বহু ঘটনা ঘটেছে, কিন্তু মানুষ অভিযোগ জানাতে সাহস পেত না। অন্যদিকে, তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

