তুফানগঞ্জ, ১৫ এপ্রিল :
বাড়িতে গিয়ে বয়স্কদের ভোট গ্রহণ পর্ব চলাকালীন তৃণমূল নেতার উপস্থিতি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি ২ নম্বর অঞ্চল। স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
নির্বাচন কমিশনের নিয়ম মেনে বুধবার সকাল থেকেই তুফানগঞ্জের শালবাড়ি ২ নম্বর অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বয়স্ক ও অশক্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল। অভিযোগ, ভোট গ্রহণকারী দলের সঙ্গেই এলাকায় ঘুরছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি মিলন বর্মন। বিজেপির দাবি, মিলন বর্মন সরকারি কর্মীদের সঙ্গে বিভিন্ন বাড়িতে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন।
তৃণমূল নেতার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জড়ো হন বিজেপি সমর্থকরা। মিলন বর্মন এলাকা ছাড়তে গেলে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা ও উত্তেজনা চরম আকার ধারণ করে। ইতিমদধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও ,যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা মিলন বর্মন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান:”আমি কাউকে প্রভাবিত করতে যাইনি। বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে।”বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জানানোর হয়েছে।

