শিলিগুড়ি, ১৪ মার্চ :
ট্রেনে করে ব্রাউন সুগার পাচারের আগেই এক যুবতীকে গ্রেপ্তার করল জিআরপি।ধৃত যুবতীর নাম তসলিমা খাতুন (২৮)।সে অসমের মরিগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে।রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে,শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালায় জিআরপি ও তাদের এসওজি টিম।সেই সময় ডাউন বিবেক এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের ৫নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে ট্রেনটিতে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় জেনারেল কামরা থেকে সন্দেহজনক অবস্থায় ওই যুবতীকে আটক করা হয়।পরবর্তীতে তার দেহ তল্লাশি করে প্রায় ৪৮গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।প্রাথমিক তদন্তে অনুমান,উদ্ধার হওয়া মাদকটি অসম থেকে কেরালায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃত যুবতীকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।পুরো ঘটনার তদন্তে নেমেছে জিআরপি আধিকারিকরা।

