শিলিগুড়ি, ২২ অগাস্ট:
তিস্তা-তোর্সা এক্সপ্রেসের এসি কামরা থেকে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার। ঘটনায় দুই যাত্রীকে গ্রেফতার করেছে শিলিগুড়ি জিআরপি SOG এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ দল। ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেসের A1 কামরা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন সোমনাথ সাহা (৩৫), নবদ্বীপের বাসিন্দা এবং রূপালি রায় (৩১), শিলিগুড়ির ভক্তিনগরের সাউডাঙ্গী হাট এলাকার বাসিন্দা। তদন্তকারীদের দাবি, দু’জনেই ধূপগুড়ি থেকে ট্রেনে উঠেছিলেন এবং তাঁদের নবদ্বীপ যাওয়ার কথা ছিল।
গোপন সূত্রে ট্রেনে গাঁজা পাচারের খবর পেয়ে অভিযানে নামে শিলিগুড়ি জিআরপির SOG টিম এবং এনজেপি স্টেশনের জিআরপির সাদা পোশাকের পুলিশ। A1 কামরায় তল্লাশি চালিয়ে প্রথমে দু’জনকে আটক করা হয়। এরপর তাঁদের সঙ্গে থাকা দুটি পিঠব্যাগ ও একটি লাগেজ ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন ২৪ কেজি ৭০০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, গাঁজা পাচারের উদ্দেশ্যেই ওই দুই যাত্রী ট্রেনে যাত্রা করছিলেন। তবে কোথা থেকে গাঁজা সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এনজেপি জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

