কোচবিহার, ২৭ মে:
কোচবিহার ঘুঘুমারি কদমতলায় আবাস যোজনার টাকা নিয়ে কাটমানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, কারও কাছ থেকে ৫ হাজার, কারও কাছ থেকে ১০ হাজার আবার কারও কাছ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। বুধবার পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান বহু গ্রামবাসী। বিক্ষোভকারীদের দাবি, গরিব মানুষের জন্য সরকারের দেওয়া আবাস যোজনার ঘর সেই ঘরের টাকা পঞ্চায়েত কে দিতে হয় , অনেক কে পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে কাটমানি তোলা হয়েছে। বহু মানুষ বাধ্য হয়ে টাকা দিলেও এখনও পর্যন্ত অনেকে ঘর পাননি বলেও অভিযোগ ওঠে।
এদিন বিক্ষোভস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা ঘুঘুমারি কদমতলা এলাকায়। গ্রামবাসীরা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। বিক্ষোভকারীদের বক্তব্য, “গরিব মানুষের প্রাপ্য ঘর নিয়ে দুর্নীতি করা হচ্ছে। কেউ ৫ হাজার, কেউ ১০ হাজার, আবার কেউ ২০ হাজার টাকা দিয়েছেন। অথচ অনেকেই এখনও ঘর পাননি। প্রশাসনকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।”
ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে এলাকায়। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

