দিনহাটা, ৪ জানুয়ারী :
পাড়ায় সমাধান কর্মসূচির আওতায় নেওয়া রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা , চাঞ্চল্য পুঁটিমারী স্টেডিয়াম এলাকায়। রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে ৬/১৭২ বুথের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়েই চেকপোস্ট স্টেডিয়ামে যাতায়াত করা হয়। সম্প্রতি ওই রাস্তার সংস্কারের কাজ শুরু হলেও তা ঘিরেই সমস্যা তৈরি হয়।
অভিযোগ, আর্থিক ঘাটতির কারণে পুরো রাস্তার পরিবর্তে প্রায় ৬০ মিটার বাদ দিয়ে বাকি অংশের কাজ সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এই বাদ পড়া ৬০ মিটার রাস্তা নিয়েই ক্ষোভে ফেটে পড়েন পার্শ্ববর্তী ১৭৩ নম্বর বুথের বাসিন্দারা।
এদিন সকালে রাস্তার কাজ শুরুর জন্য সেখানে ইট ফেলা হলে স্থানীয় বাসিন্দারা কাজে বাধা দেন এবং কাজ বন্ধ করে দেন। তাঁদের দাবি, এই রাস্তাটি দিয়ে তাঁরা নিয়মিত যাতায়াত করেন এবং তাঁদের দিকের রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। অথচ সেই অংশের সংস্কার করা হচ্ছে না।
বাসিন্দাদের স্পষ্ট বক্তব্য, “পুরো রাস্তার কাজ করতে হবে। আমাদের দিক থেকে কাজ শুরু হোক। না হলে এই রাস্তায় কোনও কাজই হতে দেব না।”
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাস্তার কাজ পুনরায় শুরু হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
যদিও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তা পুরোটাই সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

