দিনহাটা, ৩১ মার্চ :
নাম বাদ যাওয়া ভোটাররা এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন দিনহাটায়। মঙ্গলবার সকাল নাগাদ দিনহাটা থেকে সাহেবগঞ্জ গামী রাজ্য সড়কের ২নংপুল এলাকায় পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাবার প্রতিবাদেই তারা পথ অবরোধে শামিল হন। এলাকাবাসীদের অভিযোগ , চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। এরপর একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে যাওয়ার পরেও তাদের নাম না থাকায় ক্ষোভ উগড়ে দিয়ে প্রতিবাদে সামিল হন। এদিনের অবরোধে নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূলের নেতাদেরও। পাশাপাশি বাদ যাওয়া ভোটাররাও অবরোধে সামিল হন। পরে ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার আইসি বুদ্ধাদিত্য রায় , দিনহাটা ১ ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য সহ প্রশাসনের আধিকারিকরা পৌঁছে যান। আন্দোলনকারীদের সাথে কথা বলেন। পরে আধিকারিকদের আশ্বাসে উঠে যায় পথ অবরোধ।

