শিলিগুড়ি, ২৫ আগস্ট
ভিনরাজ্য থেকে ট্রেনে গাঁজা পাচারের ছক কি তবে এতটাই সহজ? গোপন সূত্রে খবর পেতেই তল্লাশি, আর ট্রেনের AC কামরার দুই যাত্রীর ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ১৭ কেজি গাঁজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ফুলমালা দেববর্মা অফমানু, বয়স প্রায় ২০ বছর এবং রিয়া দেববর্মা, বয়স প্রায় ২৬ বছর। দু’জনেরই বাড়ি ত্রিপুরায়।
সোমবার গোপন সূত্রে খবর আসে, ডাউন রানি কমলাপতি এক্সপ্রেসে করে গাঁজা পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে রেল পুলিশ। শিলিগুড়ি জিআরপি SOG এবং এনজেপি-র সাদা পোশাকের পুলিশের যৌথ দল ট্রেনে তল্লাশি অভিযান চালায়।
ট্রেনের AC B2 কামরায় তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন দুই মহিলাকে আটক করা হয়। এরপর তাঁদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ এবং একটি পিঠ ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ সূত্রে খবর, সব মিলিয়ে প্রায় ১৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভিনরাজ্য থেকে ট্রেনে করে এই গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছিল।
ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। গাঁজা পাচার চক্রের সঙ্গে তাঁদের আরও কোনও যোগ রয়েছে কিনা, কোথা থেকে এই গাঁজা আনা হয়েছিল এবং কোথায় তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার ধৃত দু’জনকে রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই পাচারচক্রের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তদন্তে সেই তথ্যই এখন সামনে আসার অপেক্ষা।

