শিলিগুড়ি, ২৭ অক্টোবর
শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ কবে শেষ হবে? এই প্রশ্নের মধ্যেই মঙ্গলবার স্টেশনের উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন কাটিহার ডিভিশনের ডিআরএম শ্রী কিরেন্দ্র নারাহ। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টেশনের আধুনিকীকরণ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানান তিনি।
ডিআরএম জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় শিলিগুড়ি জংশনকে নতুন রূপে গড়ে তোলার কাজ চলছে। স্টেশনের বাইরে থাকা বুকিং কাউন্টার ইতিমধ্যেই নতুন ভবনের ভিতরে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি স্টেশনের পরিকাঠামো উন্নয়ন এবং আধুনিকীকরণের একাধিক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যেই শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কাজ শেষ হলে যাত্রীদের সুবিধার জন্য স্টেশনে লিফট-সহ একাধিক আধুনিক পরিষেবা ও পরিকাঠামো তৈরি হবে। এর ফলে স্টেশনে যাতায়াত এবং দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে যাত্রীদের আরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
শুধু শিলিগুড়ি জংশন নয়, নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনেও উন্নয়নমূলক কাজ চলছে। ডিআরএম জানান, এনজেপি স্টেশনের কাজ ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
এদিকে, পুজোর কারণে সাময়িকভাবে বন্ধ ছিল শিলিগুড়ি টাউন স্টেশনের উন্নয়নমূলক কাজ। এবার পরিদর্শনের পর দ্রুত সেই কাজ ফের শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান ডিআরএম।
পাশাপাশি শিলিগুড়িতে প্রস্তাবিত ডবল লাইন রেল প্রকল্প নিয়েও আশার কথা শোনান তিনি। প্রকল্পের কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ডিআরএম। ইতিমধ্যেই ফর্ম এ এবং ফর্ম বি জমা দেওয়া হয়েছে। পুজোর কারণে প্রক্রিয়ায় কিছুটা গতি কমলেও এবার তা ফের এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে শিলিগুড়ি জংশন, এনজেপি ও টাউন স্টেশনের উন্নয়নমূলক কাজ এবং প্রস্তাবিত ডবল লাইন প্রকল্প—একাধিক ক্ষেত্রে রেলের তৎপরতা বাড়ায় আশাবাদী যাত্রীরা। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে উত্তরবঙ্গের রেল পরিকাঠামো এবং যাত্রী পরিষেবায় বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

