জলপাইগুড়ি, ২৪ মার্চ :
এক দিনের ব্যবধানে পরপর দুই পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে জলপাইগুড়িতে। গতকাল রাতে একটি বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। আজ সন্ধ্যায় তার শেষকৃত্যে যোগ দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তারই তিন বন্ধু। বালাপাড়া মোড়ে ২৭ডি জাতীয় সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাইক মা ও ছেলেকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মুনু তন্ত্র নামে ওই মহিলার মৃত্যু হয়, ছেলের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের দাবি, একই বাইকে তিনজন আরোহী ছিলেন এবং বাইকটি অতিরিক্ত গতিতে চলছিল। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাকি দুই আরোহীকে আটক করা হয়। ঘটনার জেরে কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

