শিলিগুড়ি, ২৪ মে:
আজ সকালে বাগডোগরা এয়ারপোর্ট মোড়ের কাছে এশিয়ান হাইওয়ে টুতে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে এক মহিলা রাস্তার মাঝ বরাবর ডিভাইডার এর কাছে ফুল তুলতে গিয়েছিল। সেই সময় বাগডোগরা পানিঘাটা মোড়ের দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার। মৃত মহিলার পরিচয় শ্রেয়া দেবী, তিনি বাগডোগরা মসজিদ পাড়ার বাসিন্দা বলে খবর। ঘটনার খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অপরদিকে ট্রাক চালক নিজেই আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মৃতের পরিবার। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।

