শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারী :
শিলিগুড়ির মাটিগাড়ায় একটি বেসরকারি শপিং মলের সংলগ্ন চামটা ব্রিজের কাছে এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক আটটা নাগাদ ঘটনাটি ঘটে।ওই সময় শিলিগুড়ি জংশন থেকে শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি ওই রুট দিয়ে যাচ্ছিল। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, ট্রেনের ধাক্কাতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত যুবতীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি টাউন জিআরপি আধিকারিকরা। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

