শিলিগুড়ি, ২৭ অক্টোবর
দিনরাত ব্যস্ততার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সামলাতে হয় পুলিশকর্মীদের। সেই কর্মব্যস্ততার মাঝেই এবার পুলিশকর্মীদের সুস্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি জিআরপি। মঙ্গলবার মহাত্মা গান্ধী চকে অবস্থিত শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারে আয়োজন করা হয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের।
এদিনের শিবিরে শিলিগুড়ি জিআরপির মহিলা ও পুরুষ পুলিশকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের আধিকারিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পুলিশকর্মীদের শারীরিক সুস্থতার পাশাপাশি কর্মক্ষমতা বজায় রাখার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই উদ্যোগে।
শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসআরপি ইনচার্জ বিশপ সরকার, রেলের একাধিক ডিএসপি, পুলিশ লাইন হেডকোয়ার্টারের আরআই-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। স্বাস্থ্য পরীক্ষা করার জন্য উপস্থিত ছিলেন মহিলা ও পুরুষ চিকিৎসকরাও।
শিবিরে পুলিশকর্মী ও আধিকারিকদের ব্লাড প্রেসার, ব্লাড সুগার-সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো শারীরিক সমস্যাগুলি চিহ্নিত করার মাধ্যমে পুলিশকর্মীদের সুস্থ রাখার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
এদিন শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারের পক্ষ থেকে এসআরপি ইনচার্জ বিশপ সরকার-সহ উপস্থিত চিকিৎসকদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।
জানা গিয়েছে, পুলিশকর্মীদের শারীরিক সুস্থতা ও কর্মক্ষমতা বজায় রাখার কথা মাথায় রেখে জিআরপির পক্ষ থেকে প্রতি বছরই এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দীর্ঘ কর্মব্যস্ততার মধ্যেও পুলিশকর্মীদের নিজেদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন করে তোলার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

