আলিপুরদুয়ার, ১ জানুয়ারী :
বছরের প্রথম দিনেই হাতির হানায় তীব্র আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের দক্ষিণ মাদারিহাট এলাকায়। গভীর রাতে লোকালয়ে ঢুকে পড়া দুইটি বুনো হাতি একের পর এক ঘরবাড়ি ভাঙচুর চালায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার একাধিক বাসিন্দা। আচমকা এই হামলায় চরম আতঙ্কের মধ্যে রাত কাটিয়েছেন স্থানীয় মানুষজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে সাউথ খয়েরবাড়ি জঙ্গল সংলগ্ন এলাকা থেকে দুইটি হাতি বেরিয়ে আসে। এরপর তারা দক্ষিণ মাদারিহাট এলাকার বসতিতে প্রবেশ করে তাণ্ডব চালাতে শুরু করে। হাতির আক্রমণে পার্থ দাসের বসতঘর সম্পূর্ণভাবে ভেঙে যায়। পাশাপাশি গোরে নেওয়ার বাড়িতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও বাবুল হোসেনের রান্নাঘর ভেঙে তছনছ করে দেয় হাতির দল। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।
হঠাৎ হাতির হানায় ঘুম ভেঙে যায় এলাকার বাসিন্দাদের। অনেকেই প্রাণভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন। কেউ কেউ রাতভর নিরাপদ স্থানে আশ্রয় নেন। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রায়ই হাতির আনাগোনা থাকলেও পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনার খবর পেয়ে বন দপ্তরকে জানানো হয়। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিদের জঙ্গলের দিকে ফেরানোর উদ্যোগ নেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে।

