জলপাইগুড়ি, ৭ ফেব্রুয়ারী :
দরিদ্র ও অসহায় মানুষের চক্ষু চিকিৎসার লক্ষ্যে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি চিকিৎসা শিবির। গ্রেটার আই হাসপাতাল, শিলিগুড়ির সহযোগিতায় শনিবার এই বিশেষ স্বাস্থ্য শিবিরটি আয়োজিত হয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে। শিবিরে আগতদের বিনামূল্যে চোখের পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ছানি রোগীদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। আয়োজকদের আশাবাদী এই উদ্যোগের মাধ্যমে জেলার দরিদ্র ও প্রান্তিক এলাকার বহু মানুষ উপকৃত হবেন।এবিষয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানান, রামকৃষ্ণ মিশন আশ্রম নিয়মিতভাবে বিভিন্ন স্বাস্থ্য ও সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করে থাকে। এদিনের চক্ষু শিবিরে প্রায় পাঁচ শতাধিক মানুষের নাম নথিভুক্ত হয়েছে। তিনি আরও জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি পুনরায় একই ধরনের চক্ষু শিবিরের আয়োজন করা হবে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও আশপাশের এলাকা থেকে বহু মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন।

