শিলিগুড়ি, ২০ এপ্রিল :
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খরিবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রীনা এক্কার সমর্থনে বিধান নগরে অনুষ্ঠিত হল এক কর্মী সভা। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ দীপক অধিকারী (দেব), দার্জিলিং জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ, কেন্দ্রের কো-অর্ডিনেটর কাজল ঘোষ সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
সভা মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, তিনি সরাসরি কোনও রাজনৈতিক দলকে ভোট দেওয়ার আবেদন করছেন না, তবে যাঁরা মানুষের পাশে থাকবেন এবং উন্নয়নের কাজ করবেন, তাঁদেরকেই সমর্থন করা উচিত। তাঁর কথায়, “নির্বাচন আসে যায়, কিন্তু মানুষের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে যে কোনও লড়াই জেতা সম্ভব।”
প্রতিশ্রুতি রক্ষা করার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় যে অঙ্গীকার করা হয়, তা বাস্তবায়ন করাই একটি সরকারের প্রধান দায়িত্ব। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, মানুষের আস্থা ও সমর্থনই দলকে তৃতীয়বার ক্ষমতায় ফিরিয়েছিল।
রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ভাতা বৃদ্ধির কথা উল্লেখ করেন। পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় রাজ্যের সাফল্যের দিকটিও তুলে ধরেন তিনি।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, “গতবারের তুলনায় এবার আরও বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ভোটে প্রভাব ফেলার চেষ্টা চলছে। তাঁর মন্তব্য, “গণতন্ত্রে ভোট মানুষের অধিকার। ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি না করে, মানুষের কাজ ও উন্নয়নের ভিত্তিতেই ভোট হওয়া উচিত।

