শিলিগুড়ি, ১১ মে :
দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। ধৃতের নাম দীপক দাস ওরফে ‘ক্ষ্যাপা’।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ এপ্রিল শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ায় চন্দন সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, ব্যাংক থেকে লক্ষাধিক টাকা তুলে বাড়িতে রাখা হয়েছিল কাউকে পেমেন্ট করার জন্য। সেই খবর পেয়ে যায় চোরের দল। এরপর গভীর রাতে বাড়ির সকলের ঘুমের সুযোগ নিয়ে নগদ টাকা ও প্রায় ৯ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।ঘটনার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক চন্দন সাহা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সাদা পোশাকের পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালায়। অবশেষে গত ১০ মে, রবিবার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুখ্যাত দুষ্কৃতি দীপক দাস ওরফে ‘ক্ষ্যাপা’কে গ্রেফতার করা হয়।পুলিশি জেরায় অভিযুক্ত চুরির কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত তার কাছ থেকে চুরি যাওয়া টাকা বা সোনার গয়না উদ্ধার করতে পারেনি পুলিশ।ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

