শিলিগুড়ি, ২ জুন
সাত সকালে বড়সড় দুর্ঘটনা ঘটল ফুলবাড়ী চেকপোস্ট মোড় এলাকায়। রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে জোরে ধাক্কা মারে একটি তেলবাহী ট্যাঙ্কার, এতে ট্যাঙ্কার চালক গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে একটি ট্রেলার গাড়ি ফুলবাড়ী চেকপোস্ট মোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ওই ট্রেলারের সামনের চাকা হঠাৎ বিকল হয়ে যাওয়ায় সেটি সেখানে থেমে যায়। ভোরের দিকে শিলিগুড়ি থেকে ফুলবাড়ীর দিকে আসা একটি তেলবাহী ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ।
দুর্ঘটনার ফলে ট্যাঙ্কারটির কেবিন সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে চালক আটকে পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং সঙ্গে সঙ্গে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়।
পরে দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টায় দুমড়ে-মুচড়ে যাওয়া কেবিন থেকে আহত চালককে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

