আলিপুরদুয়ার ,৩ জুন
প্রখর রোদ ও তীব্র গরমের জেরে বদলালো আলিপুরদুয়ার জেলার একাধিক স্কুল শুরুর সময়।গরমের হাত থেকে কিছুটা রেহাই পেতে মর্নিং সিফটে বুধবার থেকে চলছে একাধিক স্কুল।সম্প্রতি গত সোমবার দীর্ঘ একমাস গরমের ছুটি শেষে খুলেছে রাজ্যের সকল সরকারি স্কুল।তবে স্কুল খুলতেই বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ, যার জেরে স্কুল খোলার দুদিনের মধ্যেই আলিপুরদুয়ার জেলার একাধিক স্কুলে নির্ধারিত সময়ের বদলে মর্নিং সিফটে চলছে পঠন-পাঠন।যদিও, দূরের থেকে আশা শিক্ষক- শিক্ষিকারা এবং প্রত্যন্ত চা বলয় বনবস্তির পড়ুয়ারা সঠিক সময় পৌঁছতে পারবে কী না সে নিয়েও তৈরি হয়েছিল সংশয়। তবে প্ৰথম দিন অধিকাংশ স্কুলেই পড়ুয়াদের সংখ্যা তুলনামূলক কম থাকলেও, উপস্থিত ছিলেন শিক্ষকেরা।
আগামীতে পড়ুয়াদের সংখ্যা বাড়বে বলে আশাবাদী শিক্ষকেরা।এ বিষয়ে সুভাষপল্লী স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিও সাহা বলেন, আমাদের স্কুলে প্রায় ৩০ কিলোমিটার বা তারও কিছুটা দূর আলিপুরদুয়ার থেকে শিক্ষকেরা আসেন।তবে এদিন সকাল ৭ টায় স্কুল শুরুর আগেই তারা পৌঁছে গিয়েছেন। ফলে মর্নিং সিফটে স্কুল চালাতে বরং সুবিধাই হচ্ছে আমাদের।

