নাটাবাড়ি, ৫ জুন
জব কার্ডের নাম পুনর্বহালসহ একাধিক দাবিতে শুক্রবার কোচবিহার-১নং ব্লকের ধলুয়াবাড়ি বিডিও অফিস চত্বরে বিক্ষোভে সামিল হন নাটাবাড়ি বিধানসভা এলাকার বহু বাসিন্দা। তাঁদের অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিজেপি সমর্থক হিসেবে চিহ্নিত করে বহু মানুষের নাম জব কার্ডের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এর ফলে দীর্ঘদিন ধরে তাঁরা ১০০ দিনের কাজসহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
বিক্ষোভকারীরা এদিন বিডিও অফিসে জমায়েত হয়ে দ্রুত নাম পুনর্বহাল এবং বকেয়া সুবিধা প্রদানের দাবি জানান। আন্দোলনকারীদের বক্তব্য, বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই তাঁরা বিক্ষোভের পথে নেমেছেন।
ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক গিরিজা শঙ্কর রায়। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিযোগ ও দাবিদাওয়া সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়।
বিধায়ক ও বিডিওর আশ্বাসের পর বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও জব কার্ড থেকে নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

