শিলিগুড়ি, ২৪ জুন
পৌরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি বন্ধ করে বুধবার দুপুর ১২টা থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান ও ধরনা কর্মসূচিতে সামিল হলেন স্বাস্থ্যকেন্দ্রগুলির কর্মীরা। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় ।
কর্মবিরতির জেরে এদিন পৌরসভার অধীনস্থ একাধিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা ব্যাহত হয়। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাকরণ (ভ্যাকসিনেশন) কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ থাকায় অভিভাবকদের সমস্যার সম্মুখীন হতে হয়। স্বাস্থ্যকেন্দ্রে এসে অনেকেই ফিরে যেতে বাধ্য হন।
আন্দোলনকারী কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও তার কোনও সদুত্তর মেলেনি। সেই কারণেই তারা কর্মবিরতি ও ধরনা কর্মসূচির পথে হাঁটতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে, স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা দ্রুত সমস্যার সমাধান ও দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

