আলিপুরদুয়ার, ১৬ মে :
আর্থিক অনটনের মাঝেও উচ্চমাধ্যমিকে ভালো ফল কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বিবেকনগরের বাসিন্দা সানিয়া প্রসাদের। হ্যামিল্টনগঞ্জ হাইস্কুলের এই ছাত্রীর প্রাপ্ত নম্বর ৪০২। ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ইউপিএসসি পরীক্ষায় বসতে চায় সে। সানিয়ার বাবা পেশায় ফল বিক্রেতা। গত বছরে এক দুর্ঘটনার কবেল পড়েন তিনি, এরপর শারীরিক সমস্যার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। সংসারের দায়িত্ব সামলাতে বর্তমানে টিউশন পড়াচ্ছে সানিয়া। একদিকে পড়াশোনা, অন্যদিকে সংসারের চাপ—সবকিছুর মাঝেও তার এই সাফল্যে খুশি পরিবার ও প্রতিবেশীরা। তবে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এখন সবচেয়ে বড় বাধা অর্থাভাব। বর্তমানে আর্থিক সহায়তার আশায় সানিয়া ও তার পরিবার।

