দিনহাটা, ২৩ মার্চ :
দিনদুপুরে দিনহাটা শহরে গলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার এই ঘটনায় দিনহাটা থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। এদিন শহরের গোসানি রোড এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনা সাহা নামে এক মহিলা দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় ভবানী হল চৌপথী সংলগ্ন এলাকায় লক্ষ্মী নারায়ণ বেকারির কাছে দুই অজ্ঞাতপরিচয় যুবক তার সঙ্গে কথা বলে তাকে বিভ্রান্ত করে। সুযোগ বুঝে তার গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পরই হতভম্ব অবস্থায় ওই মহিলা বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানান। পরে তার ছেলে রাজা সাহা দিনহাটা থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে শহরে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

