দিনহাটা, ৩ মে :
আগামীকাল রাজ্যের ভোট গণনা তার আগে কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার বামনহাট দক্ষিণ লাউচাপরা এলাকায় শাশুড়ীকে কুড়োল দিয়ে কোপ মারার অভিযোগ বৌমার বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য ১৫-১৬ বছর আগে ওই এলাকার কৃষ্ণ বর্মনের বিয়ে হয় আবুতারা এলাকার। বিয়ের পর থেকেই শাশুড়ী বৌমার পারিবারিক ঝামেলা লেগেই থাকতো বলে স্থানীয় সূত্রে খবর। কিছুদিন আগে বৌমা অসুস্থ হওয়ায় শাশুড়ী চার হাজার টাকা দিয়েছিল চিকিৎসা করানোর জন্য। রবিবার দুপুরে শাশুড়ী এবং বৌমার মধ্যে ওই টাকার হিসাব নিয়ে বিতর্ক শুরু হয়। পরিবার সূত্রের খবর অনুযায়ী শাশুড়ী তাঁর বৌমার কাছে চার হাজার টাকা ফেরত চাইতেই শুরু হয়ে যায় বচসা। পরিস্থিতি ভয়ংকর উত্তপ্ত হয়ে ওঠে যার ফলস্বরূপ শাশুড়ীর মাথায় একে একে তিন থেকে চারবার কুড়ুলের কোপ মারে বৌমা বলেই অভিযোগ আহত মহিলার ছেলে এবং বোনের। পরবর্তীতে আহত মহিলাকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত বৌমাকে আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।

