জলপাইগুড়ি , ২৭ জুলাই
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শৈব তীর্থ জল্পেশ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মন্দির চত্বরে হলো হেলিকপ্টারে পুষ্প বৃষ্টি। রাজ্যের প্রথম কোন মুখ্যমন্ত্রী জল্পেশ মন্দিরে পুজো দিলেন যেকারনে উচ্ছ্বসিত মন্দির কমিটি সহ ভক্তরা। এদিন জলপাইগুড়ি সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠকের পর শ্রাবণের দ্বিতীয় সোমবার দুপুরে ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দির আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্দিরে প্রবেশের আগে জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ডের তরফে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ করে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন তার সঙ্গে ছিলেন, জলপাইগুড়ি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, রাজ্য বিজেপির সম্পাদক বাপি গোস্বামী, জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায় সহ বিজেপি নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী মন্দিরে পুজো দেওয়ার সময় হেলিকপ্টারে পুষ্প বৃষ্টি হয় মন্দির চত্বরে। পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,জল্পেশ মন্দির সহ রাজ্যের বিভিন্ন তীর্থক্ষেত্রের জন্য বাজেটে এক হাজার কোটি টাকা বরাদ্দ আছে। এই মন্দিরের জন্য যা যা প্রয়োজন সবই হবে, আমরা টিমও পাঠাবো। ভক্তরা দেখতে পাবে বর্তমান সরকার এই জল্পেশ মন্দিরের জন্য কি কি করছে।”

