কোচবিহার, ৩ এপ্রিল :
গত ৩১ জানুয়ারি থেকে কোচবিহার-কলকাতা রুটে ইন্ডিয়া ওয়ান এয়ার সংস্থার বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। কোনও পূর্ব নোটিশ ছাড়াই একের পর এক বিমান বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই পরিষেবা বন্ধ হয়ে যায় বলে জানা যায়।
তবে অবশেষে স্বস্তির খবর। আগামী ৭ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসের জন্য কোচবিহারে পুনরায় নিয়মিত বিমান পরিষেবা চালু হচ্ছে। এতদিন সপ্তাহে মাত্র একদিন বিমান চলাচল করলেও, এবার সপ্তাহে ছয়দিন বিমান পরিষেবা পাওয়া যাবে। শুধুমাত্র শুক্রবার পরিষেবা বন্ধ থাকবে।
সূত্রের খবর, এই সময়ের মধ্যে নিয়মিত পরিষেবা চালু থাকলে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ৯ আসনবিশিষ্ট ইন্ডিয়া ওয়ান এয়ারের বিমানটি পুনরায় চালু হলে যাত্রী সংখ্যা বাড়বে বলে আশা কর্তৃপক্ষের।
এদিকে, কোচবিহার ব্যবসায়ী সমিতির সভাপতি সুরজকুমার ঘোষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সপ্তাহে একদিনের পরিবর্তে ছয়দিন বিমান চলাচল উন্নয়নের পক্ষে ইতিবাচক পদক্ষেপ। তবে তাঁর দাবি, এই পরিষেবা শুধু তিন মাসের জন্য সীমাবদ্ধ না রেখে প্রতিদিন চালু করা হোক এবং বড় আসনের বিমান চালানোর ব্যবস্থাও করা প্রয়োজন।

