জলপাইগুড়ি, ২১ মে :
জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস চত্বরে বৃহস্পতিবার সকাল থেকেই চোখে পড়ে দীর্ঘ লাইন। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত (লিংক) করাতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন দূরদূরান্তের মানুষজন। কেউ এসেছেন গ্রামাঞ্চল থেকে, কেউ বা শহরের বিভিন্ন প্রান্ত থেকে—একটাই উদ্দেশ্য, আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা। কিন্তু সেই প্রক্রিয়া মোটেই সহজ ছিল না। কারণ, এদিন বারবার নেটওয়ার্ক সমস্যার জেরে পরিষেবা ব্যাহত হয় বলে অভিযোগ। এদিন উপস্থিত অধিকাংশ মানুষেরই মূল উদ্দেশ্য ছিল ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের সুবিধা পেতে আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পেতেও এই লিংক করার জন্য ভিড় আরও বেড়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বড় পোস্ট অফিস চত্বরে বিশেষ ক্যাম্পের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হচ্ছে।

