জলপাইগুড়ি, ১৮ আগস্ট:
মহাদেব রায় হত্যাকাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে। মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি কোতোয়ালি থানা মোড়ে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
মিছিলকারীদের অভিযোগ, সেনপাড়ার বাসিন্দা মহাদেব রায় হত্যাকাণ্ডে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে রোহিত হোসেন সাবালক এবং বাকি তিনজন নাবালক বলে দাবি মিছিলকারীদের। চার অভিযুক্তেরই কঠোর শাস্তির দাবিতে এদিনের কর্মসূচি নেওয়া হয়।
মিছিলটি কোতোয়ালি থানা মোড়ে পৌঁছনোর পর এক যুবক মদের বোতল হাতে মিছিলে ঢুকে পড়েন বলে অভিযোগ। ওই যুবক বাংলাপক্ষের সদস্য বলেও মিছিলকারীদের একাংশ দাবি করেন। এরপর তাঁকে ঘিরে কয়েকজন মিছিলকারী মারধর শুরু করেন বলে অভিযোগ। যুবকের মোটরসাইকেল ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ওই যুবককে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে থানা মোড় এলাকায় কিছুক্ষণ উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

