ডুয়ার্স, ৪ সেপ্টেম্বর
ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে চলে যাওয়া রেলপথে ফের হাতির উপস্থিতি। আর ট্রেন চালকদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল হাতির দল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের বাগ্রাকোট-সেবক রেলপথে।
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ডাউন এসজিইউজে কন্টেনার ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের দিকে যাওয়ার সময় হঠাৎই রেললাইনের উপর একটি হাতিকে দেখতে পান চালকদ্বয়। ঘটনাটি ঘটে বাগ্রাকোট-সেবক রেলপথের ২৯/১ কিলোমিটার এলাকায়।
রেললাইনের উপর হাতিটিকে দেখতে পেয়েই বিন্দুমাত্র সময় নষ্ট না করে আপৎকালীন ব্রেক কষেন চালকরা। দ্রুত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করায় সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ট্রেনটি কিছুক্ষণ রেললাইনে দাঁড়িয়ে থাকে।
এরপর হাতিটি রেললাইন থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কয়েক মিনিট অপেক্ষার পর ফের ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন রেলপথে প্রায়ই হাতি-সহ বিভিন্ন বন্যপ্রাণীর রেললাইনে চলে আসার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে ট্রেন চালকদের সতর্কতা ও তৎপরতাই অনেক সময় বন্যপ্রাণীদের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিনও চালকদের দ্রুত সিদ্ধান্ত এবং তৎপরতায় হাতিটি রক্ষা পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পরিবেশপ্রেমীরা। জঙ্গলপথে ট্রেন চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা ও গতি নিয়ন্ত্রণের উপর জোর দেওয়ার দাবি উঠছে পরিবেশপ্রেমী মহলে।
রেললাইনে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল ট্রেন… চালকের এক সিদ্ধান্তেই বাঁচল হাতির প্রাণ।

