জলপাইগুড়ি , ৫ আগস্ট
ভুটান পাহাড় ও ডুয়ার্সে একটানা বৃষ্টি। আর ভারী বৃষ্টির কারণে গতকাল রাতে ফুলেফেঁপে ওঠে ডুয়ার্সের বানারহাট ব্লকের হাতিনালা। হাতিনালার জল উপচে ঢুকে পড়ে বানারহাট বাজারের বিভিন্ন জায়গায়। যেকারনে বানারহাট থানার পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আবেদন জানানো হয়। বানারহাট সহ বিন্নাগুড়ির যেসব জায়গায় সাধারণত হাতিনালার জল বাড়লে ঢুকে পড়ে সেই সব এলাকার মানুষ রাতভর জেগে থাকেন। পাশাপাশি হাতিনালার জল দ্রুত বেগে আংড়াভাষা নদীতে চলে আসায় গয়েরকাটা এলাকাতেও জল বাড়তে থাকে। যদিও গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সেভাবে আর বৃষ্টি না হওয়ায় হাতিনালার জল অনেকটাই নেমে যায়। এদিকে আকাশে এখনো ঘন কালো মেঘ রয়েছে, পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ফের বৃষ্টি হলে আবারও ফুলেঁপে উঠতে পারে হাতিনালা।
একটানা বৃষ্টিতে হাতিনালার পাশাপাশি ভুটানে ভারী বৃষ্টির দরুন ডায়না,কুজি ডায়না, গাঠিয়া সহ একাধিক নদীতে জল বাড়তে থাকে।
তবে পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন।

