আলিপুরদুয়ার, ২৮ মে:
জলদাপাড়ার শিশামারা নদীতে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ পরিদর্শনে বিধায়ক পরিতোষ দাস। বৃহস্পতিবার তিনি নির্মীয়মাণ বাঁধ এলাকা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গেও এদিন তিনি কথা বলেন।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে ভয়াবহ বন্যার জেরে শিশামারা নদীর বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় শালকুমার সহ বিস্তীর্ণ এলাকাকে। নদীর জল গ্রামে ঢুকে বহু বাড়িঘর ও চাষের জমি প্লাবিত হয়েছিল। এরপর অস্থায়ীভাবে একাধিকবার বাঁধ মেরামতির কাজ করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। বর্ষাকালে নদীর জল বাড়লেই নতুন করে আতঙ্কে দিন কাটাতে হত স্থানীয় বাসিন্দাদের।
বর্তমানে ফের অস্থায়ীভাবে বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এলাকায়। দ্রুত কাজ শেষ হলে আসন্ন বর্ষায় নদী ভাঙন ও প্লাবনের আশঙ্কা অনেকটাই কমবে বলে আশা করছেন বাসিন্দারা।
এদিন বিধায়ক পরিতোষ দাস জানান, এলাকার মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই দ্রুত বাঁধ নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে আরও স্থায়ী ও টেকসই সমাধানের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

