মাথাভাঙ্গা, ১৩ আগস্ট:
মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতে প্রধান গঠনকে কেন্দ্র করে উৎসবের পরিবেশ তৈরি হল। প্রশাসনের নির্ধারিত সময়সীমার মধ্যে বৃহস্পতিবার নতুন প্রধান নির্বাচিত হন। পচাগড় গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন শেফালি বর্মন ডাকুয়া।
নতুন প্রধান নির্বাচনের খবর সামনে আসতেই গ্রাম পঞ্চায়েত চত্বরে বিজেপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ঢাক-ঢোল বাজিয়ে এবং গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকেরা। পরে উপস্থিত কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৩ আসন বিশিষ্ট পচাগড় গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৬টি আসনে জয়লাভ করে এবং বিজেপি জয় পায় ৭টি আসনে। সেই সময় পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূল কংগ্রেসের কুন্তী বর্মন।
পরবর্তীতে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে রাজ্যে ক্ষমতায় আসার পর অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধানদের মতো পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধানও পদত্যাগ করেন বলে দাবি করা হয়েছে। এরপর প্রশাসনের নির্ধারিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবার নতুন করে প্রধান গঠন করা হয়।
নতুন প্রধান নির্বাচনের মধ্য দিয়ে পচাগড় গ্রাম পঞ্চায়েতের পরিচালনার দায়িত্ব কার্যত বিজেপির হাতে গেল বলে দাবি দলীয় নেতৃত্বের। প্রধান গঠনকে ঘিরে এদিন গ্রাম পঞ্চায়েত চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
নবনির্বাচিত প্রধান শেফালি বর্মন ডাকুয়া বলেন, সাধারণ মানুষের রায়ে তিনি পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁকে প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন তিনি।
এদিনের প্রধান গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, শেখর রায়, প্রশান্ত বর্মন, মহাদেব বর্মন-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

