শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারী :
মাটিগাড়া বাজার এলাকা থেকে চুরি যাওয়া একটি মোটরবাইক উদ্ধার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। এই ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আরও এক অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গেছে, মিঠুন রায় নামে পাল পাড়ার এক বাসিন্দার মোটরবাইক গত ৭ অক্টোবর ২০২৫ তারিখে মাটিগাড়া বাজার এলাকা থেকে চুরি যায়। পরদিন, অর্থাৎ ৮ অক্টোবর ২০২৫-এ মাটিগাড়া থানায় সাদা পোশাকের পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ।
তদন্তের অংশ হিসেবে একাধিক ইনফরমারকে সক্রিয় করা হয়। এরপর সোর্স মারফত খবর পেয়ে পুলিশ উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকার লায়লাগজে হানা দেয়। অভিযানে মোহাম্মদ শারীফ (বয়স ২৮), বাড়ি লায়লাগজ, চোপড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবে তার সঙ্গী কাদের আলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ শারীফ ও কাদের আলাম—এই দু’জন মিলেই মোটরবাইকটি চুরি করেছিল। গতকাল বিকেলে চোপড়া থানা এলাকার লায়লাগজে ফের হানা দিলে পুলিশের গাড়ি দেখে কাদের আলাম পালিয়ে যায়। তবে কাদের আলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এরপর উদ্ধার হওয়া মোটরবাইক এবং গ্রেফতার হওয়া অভিযুক্ত মোহাম্মদ শারীফকে মাটিগাড়া থানায় নিয়ে আসা হয়। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
বর্তমানে পলাতক অভিযুক্ত কাদের আলামের খোঁজে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে।

