সিতাই, ১৩ ফেব্রুয়ারী :
সিতাইয়ের শিলদুয়ার এলাকায় বিজেপি নেতা সুকুমার বর্মনের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি সিতাই বিধানসভা কেন্দ্রের ১ নম্বর মণ্ডল সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
পরিবারের দাবি, বৃহস্পতিবার দুপুর প্রায় আড়াইটা নাগাদ তিনি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। শিলদুয়ার জুনিয়র হাইস্কুলের কাছে একটি পুলিশের গাড়ি এসে তাঁকে মোটরসাইকেলসহ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী শিবানী বর্মন।
সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে সন্ধ্যা ৬টা নাগাদ সিতাই থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। স্বামীকে দ্রুত খুঁজে বের করার আবেদন জানিয়েছেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে বিজেপি নেতৃত্বের দাবি তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। বিজেপি কোচবিহার জেলার সম্পাদক অজয় রায় বলেন , তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে লতা গাছের মতো। পুলিশকে ধরে তারা আঁকড়ে রয়েছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের মুখে এভাবেই একাধিক জায়গায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে।

