কোচবিহার , ৭ আগস্ট
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কোচবিহার সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের জন্য আয়োজন করা হয় বিশেষ ট্রাফিক এক্সিবিশন। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা তুলে ধরা।
এক্সিবিশনে ট্রাফিক পুলিশ কীভাবে কাজ করে, কীভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কী কী নিয়ম মেনে চলতে হয়, সে বিষয়ে বিস্তারিতভাবে উপস্থিত ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে জানানো হয়।
আজ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এক্সিবিশনটি খোলা রাখা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের হাতে-কলমে ট্রাফিক নিয়ন্ত্রণের প্রশিক্ষণ। প্রশিক্ষণের অংশ হিসেবে তারা ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক পয়েন্টে দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রণের প্রাথমিক কৌশল শিখে নিজেরাই তা প্রদর্শন করে।
ট্রাফিক পুলিশের এই সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, এ ধরনের কর্মসূচি আগামী প্রজন্মের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি (ট্রাফিক) বিক্রম প্রসাদ, ট্রাফিক ওসি সুরেশ দাসসহ ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিকরা।

