মাথাভাঙা, ৬ সেপ্টেম্বর :
খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আসন্ন শারদীয় দুর্গোৎসবের সূচনা করল মাথাভাঙা নিউ টাউন পাড়া দুর্গোৎসব পূজা কমিটি। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এবছর ১২তম বর্ষে পা রাখল তাদের সার্বজনীন দুর্গোৎসব। খুঁটি পুজো ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা নিউ টাউন পাড়া এলাকায়।
দুর্গাপুজোকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে প্রস্তুতি। রবিবার পুজোর আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে আয়োজন করা হয় খুঁটি পুজোর। পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই খুঁটি পুজো।
পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, এবছর তাদের দুর্গোৎসবের মূল ভাবনা ‘বন্দে মাতরম’। দেশাত্মবোধের আবহে সাজিয়ে তোলা হবে গোটা পুজো প্রাঙ্গণ। মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা—সব ক্ষেত্রেই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এবছর এই সার্বজনীন দুর্গোৎসবের আনুমানিক বাজেট রাখা হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা। ১২তম বর্ষের পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জার প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুজো কমিটির সদস্যরা।
খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল পুজোর কাউন্টডাউন। ফলে পুজো যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতির ব্যস্ততা। ‘বন্দে মাতরম’ ভাবনায় এবছর নিউ টাউন পাড়ার দুর্গোৎসব কতটা নজর কাড়ে, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।

